লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ অবস্থায় উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সতর্কতার কারণে সাগরে মাছ ধরতে যাওয়া পাথরঘাটার শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত থেকে পাথরঘাটাসহ বরগুনার উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে সাগর উত্তাল হয়ে ওঠায় জেলেদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। আবহাওয়ার অবনতির খবর পেয়ে ট্রলার মালিকেরা সাগরে থাকা মাঝি-মাল্লাদের দ্রুত উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেন।
ইতোমধ্যে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট, নতুন বাজার খাল, পদ্মা খাল, কাকচিরা খাল, হাজির খাল ও চরদুয়ানী খালসহ বিভিন্ন ছোট-বড় খালে শতাধিক মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে। সাগরে থাকা আরও বেশ কিছু ট্রলার নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে উপকূলের দিকে ফিরছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আবহাওয়া খারাপ হওয়ার খবর পাওয়ার পর মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যেসব মাঝি-মাল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হয়েছে। অনেক ট্রলার ইতোমধ্যে ঘাটে ফিরে এসেছে।’
তিনি জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি ট্রলার নিরাপদে ঘাটে পৌঁছেছে। সাগরে থাকা অন্য ট্রলারগুলোও দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় জেলেরা জানান, উত্তাল সাগর ও দমকা হাওয়ার কারণে মাছ ধরার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁরা দ্রুত ঘাটে ফেরার চেষ্টা করছেন।
এদিকে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় উপকূলীয় জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে। সাগরে থাকা সব মাছধরা ট্রলারকে আবহাওয়া সংকেত মেনে চলা এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









