ময়নসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বের ) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের তিন বছর বয়সি ছেলে সাফা এবং নুরুল ইসলামের তিন বছর বয়সী মেয়ে সাইফানা। নিহত শিশু সাফার পিতা মাজহারুল ইসলাম এবং অপর নিহত শিশু সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই -বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে বৃষ্টির সময় শিশু দুইটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল । এক পর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।
দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে অপমৃত্যুর মামলা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









