নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল ও চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পামওয়েলের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়া থানার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করে। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করা পামওয়েল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দ করা পামওয়েল ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









