বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘‘বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ ও গ্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার এর দায় বহন করছে।’’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোহাটা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, ‘‘বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ ও গ্যাস সেক্টর লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার এর দায় বহন করছে। অতীতেও দেশের সকল সঙ্কটে বিএনপি উদ্ধারের দায়িত্ব পালন করেছে। বর্তমান সরকারও বিপর্যস্ত দেশকে এগিয়ে নিয়ে কাজ করছে। এই দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই আমাদেরকে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। দল বা সরকার বিব্রত হয়, এমন কোন কাজ করা যাবে না। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘অতীতের সকল আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে দেশের জনগণ বিএনপির সঙ্গে ছিল। আগামীতেও দেশের জনগণ বিএনপির পাশে থাকবে। কিন্তু বিরোধীদল লংমার্চ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা যদি জনগণকে দুর্ভোগে ফেলে ফায়দা হাসিল করতে চায় তাহলে জনগণ তাদের বর্জন করবে।’’
সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হক, বিএনপি নেতা আব্দুস সালাম, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব প্রমুখ।
এদিকে সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গোহাটা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









