গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ভাঙারি গোডাউন ও একটি বসতবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে একটি ভাঙারির গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি গোডাউন এবং একটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুনে গোডাউনের মালামাল ও বসতবাড়ির আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









