গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী আঞ্চলিক সড়কে একটি সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন। এ সময় স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে দুর্ঘটনার কারণে ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, যার ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









