মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনিপুরী তাঁতাঁ পণ্যের ডিজাইন ও মানোন্নয়নে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ক্ষুদ্র ও মাঝারি ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর আয়োজনে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশন মহাব্যবস্থাপক আনোয়ার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের জুনিয়র অফিসার সৈয়দ নাফিজ তানজিম, কো অর্ডিনেটর (শ্রীমঙ্গল তাঁত শিল্প ক্লাস্টার) মো রবিউল ইসলাম রাসেল, নারী উদোক্তা সালেহা বেগম, প্রশিক্ষক মাইন উদ্দিন ফুয়াদ প্রমুখ।
কর্মশালার উদ্বোধনকালে এসএমই ফাউন্ডেশন মহাব্যবস্থাপক আনোয়ার চৌধুরী বলেন, এই ক্লাস্টারগুলোর সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ক্লাস্টারগুলোর সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে আমরা তাদের প্রশিক্ষণ প্রদান, পণ্যের মানোন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজারজাতকরণের ক্ষেত্রে সহায়তা করে আসছি।
বিশেষ করে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোক্তা, নতুন ও তরুণ উদ্যোক্তা এবং প্রান্তিক অঞ্চলের ক্লাস্টারভিত্তিক উদ্যোক্তাদের উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে, এই ক্ষুদ্র, অতি-ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কঠোর পরিশ্রমই আমাদের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি অর্জন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বেকারত্ব হ্রাস এবং নতুন কর্মসংস্থান তৈরিতে মূল ভূমিকা পালন করছে। তাই তাদেরকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য।
সেই ধারাবাহিকতায় আজ আমরা এই ক্লাস্টারে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছি। আমরা আশা করছি, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা ও পরিচালনা ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের উৎপাদন প্রক্রিয়ায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









