নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি।
শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারাম বিল্লাহ শাহাদাত বলেন, ‘‘হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। এসব ঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এটা সত্য। কিন্তু এর সাথে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।’’
তিনি আরো বলেন, ‘‘হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম নামে একজন। বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তারা দুজনই বর্তমানে এমপি’র ঘনিষ্ঠ লোক। সরাসরি এনসিপির রাজনীতির সাথে জড়িত। এক সময় তারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আর চেয়ারম্যান ঘাটের ইজারা নিয়েছেন পাশ্ববর্তী সুবর্ণচর উপজেলার এক লোক। এদের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। নিজের লোকের অনিয়ম ঢাকতে গিয়ে তিনি সংসদে ও বিভিন্ন টকশোতে ঘাটের এই নৈরাজ্যৈর সাথে বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। মহান সংসদে দাঁড়িয়ে তার মতো সম্মানিত ব্যক্তির মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’’
মোকারাম বিল্লাহ শাহাদাত বলেন, ‘‘ইতোমধ্যে ঘাটে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে উপজেলা বিএনপি। তাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই ঘাটের ইজারাদারকে ডেকে এনে ৫ টাকা করে নেওয়ার নির্দেশ দেন। এখন আবার একই নিয়মে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। আমরা এই অনিয়ম বন্ধ করতে প্রশাসনকে আরো সোচ্চার হওয়ার দাবি জানাচ্ছি।’’
এই সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদল সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ হাছান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









