ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদের (১০) সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহানের (১৩) ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সোহানের বাবা লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে নিয়ে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদকে মারার জন্য ধাওয়া করে।
এ খবর পেয়ে রবিউলও সেখানে যান। এ সময় রবিউল ইসলাম ও লুৎফর রহমানের মধ্যে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউল ইসলামের ঘাড়ে ও পিঠে আঘাত করেন। এতে রবিউল ইসলাম অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যাদবপুর বাজারে পল্লি ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে রবিউল মারা যান।
যাদবপুর গ্রামের বাসিন্দা সামিউল ইসলাম বলেন, আঘাত জনিত কারণে রবিউল গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক পরিচর্যা হিসেবে মাথায় পানি দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় যাদবপুর বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত লুৎফর রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, শিশুদের খেলাধুলার সামান্য বিবাদ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লুৎফর আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









