পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত বিধিবিধান প্রতিপালনে জনসচেতনতা বাড়াতে নীলফামারীতে পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় প্রকল্প পরিচালক ও পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার উপপরিচালক সৈয়দ আহম্মদ কবির, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুট মিল, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
সভায় পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, শিল্পকারখানায় পরিবেশগত বিধিবিধান প্রতিপালন এবং বায়ু ও পানি দূষণ রোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার এবং পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা ও দায়িত্বশীল আচরণ বাড়াতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই ও বাসযোগ্য নীলফামারী গড়ে তোলা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









