সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে এক নারী ও তাঁর চার বছর বয়সী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন চম্পা রাণী দাস (৩৫) ও তাঁর চার বছর বয়সী মেয়ে হৃদি দাস। চম্পা রাণী দাস শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাসের স্ত্রী।
রতন দাসের চাচাতো ভাই সজল দাস বলেন, বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রাণী দাস ও তাঁর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে মা-মেয়ের এমন মৃত্যু হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না।
বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ এদিনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশ দুটির ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









