সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে এ প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকরা কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তারা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিরাপদ ও সুন্দর জীবন গড়তে সক্ষম হবেন।
ভবিষ্যতেও সীমান্তবর্তী মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ৫৩ বিজিবি।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, চরবাগডাংগা বিওপি কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









