উইচ্যাটে পরিচয় হওয়ার মাত্র এক মাসের মধ্যেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে সুদূর চীন থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুটে এসেছেন ২৯ বছর বয়সী চীনা যুবক হুয়াং ঝিলিন।
বর্তমানে তিনি কাঞ্চন পৌরসভার খাপাড়া এলাকায় প্রেমিকা সুমাইয়া বেগমের পরিবারের সঙ্গে অবস্থান করছেন।
হুয়াং ঝিলিন চীনের জিয়াংশি প্রদেশের বাসিন্দা। আর সুমাইয়া বেগম খাপাড়া এলাকার শরিফ মিয়ার মেয়ে।
উইচ্যাটে পরিচয়ের পর নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সুমাইয়াকে বিয়ে করার ইচ্ছায় বাংলাদেশে আসেন ঝিলিন।
তবে দুজনের ভাষা ভিন্ন হওয়ায় যোগাযোগে রয়েছে জটিলতা। ঝিলিন বাংলা বা ইংরেজি জানেন না, সুমাইয়াও জানেন না চীনা ভাষা। তাই মোবাইলের ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে কথা বলছেন।
সুমাইয়ার বাবা শরিফ মিয়া বলেন, ‘‘ভাষা বুঝতে সমস্যা হলেও তারা অনুবাদ অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। দুজন যদি পরস্পরকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে তার কোনো আপত্তি নেই।’’
চীনা যুবকের রূপগঞ্জে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। এখন এক মাসের অনলাইন পরিচয় ও প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়ায় কি না, সেদিকেই নজর স্থানীয়দের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









