সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাকে বিমানবন্দর থেকেই ফাঁসির কাষ্ঠে পাঠানোর জন্য জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারই যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন—কোনোটিই এই বাংলাদেশের মাটিতে হবে না।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি রেস্তোরাঁয় জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে যারা স্বজন হারিয়েছেন কিংবা আহত হয়েছেন, সেই পরিবারগুলো এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন। তাদের সেই ক্ষোভ ও বিচার পাওয়ার আকুতি থেকেই তারা স্বৈরাচারকে প্রতিহত করতে আবারও রাজপথে নেমে আসবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সরকারের প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও কঠোর সমালোচনা করেন এনসিপির এই মুখ্য সংগঠক। তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড প্রকল্প বাবদ শুরুতেই ২৪২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে সরকার শেষ পর্যন্ত অনুধাবন করেছে যে এই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়।
জনগণের রাজস্বের টাকা অপচয় না করে যেকোনো প্রকল্প গ্রহণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
পরবর্তীতে আয়োজিত মূল সাংগঠনিক সভায় দলটির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা এবং স্থানীয় পর্যায়ে এনসিপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









