নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একই অফিসে কর্মরত অপর দুই কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করলেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক দপ্তরি এসে অফিসের তালা খুলে দেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার স্থানীয় বাসিন্দা ও পার্শ্ববর্তী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এতে তিনি জানতে পারেন, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মস্থলে আসেন না।
মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, অফিস প্রধান হিসেবে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি দায়িত্ব পালনে চরম অবহেলা ও গুরুতর অপরাধ। এ কারণে অভিযুক্ত উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া কার্যালয়টিতে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত না থাকার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে যথাসময়ে অফিসে কাউকে না পাওয়া সরকারি দায়িত্বে চরম অবহেলার প্রমাণ। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সুপারিশ ও নির্দেশনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলেই ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে সাময়িক বরখাস্তের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খান দৈনিক এদিনকে বলেন, ‘‘আমাকে কেন বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে, সেটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









