টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে হানিফ খান (৩৭) নামের এক সাময়িক বরখাস্তকৃত আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তর পাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হানিফ খানকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপসহকারী পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় হানিফকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান। তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









