নিখোঁজের তিন দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরে জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তার ছেলে ওবাইদুল ইসলাম শেখ মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলী শেখের বলে শনাক্ত করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে তিনি পুকুরে পড়েছেন বা তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









