অতিরিক্ত জমি রেজিস্ট্রেশন ফি, মৌজাভিত্তিক সরকারি দর বৃদ্ধি এবং পৌর এলাকায় উৎসে কর সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলছিটি-বরিশাল সড়কের খোজাখালী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণির ভুক্তভোগী জমির মালিক ও ক্রেতা-বিক্রেতারা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ভুক্তভোগী মো. ফেরদৌস খান, প্রকৌশলী বাবুল ও মো. আবজাল মৃধা।
বক্তারা জানান, সরকারি বিভিন্ন ফি ও মৌজাভিত্তিক নির্ধারিত দর বাস্তব বাজারমূল্যের চেয়ে বেশি হওয়ায় রেজিস্ট্রেশন ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রে জমি বিক্রির মূল্যের চেয়ে দলিল রেজিস্ট্রেশন খরচ বেশি পড়ে যাচ্ছে। এই অতিরিক্ত আর্থিক চাপের কারণে নলছিটির বিভিন্ন মৌজায় জমি বেচাকেনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। প্রয়োজনের সময় সাধারণ মানুষ জমি বিক্রি করতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছেন। অন্যদিকে উচ্চ রেজিস্ট্রেশন খরচের কারণে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন কমে যাওয়ায় সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
পৌর এলাকার জমি হস্তান্তরের নানা জটিলতা তুলে ধরে বক্তারা আরও বলেন, পৌর এলাকায় উৎসে কর বাবদ শতাংশ প্রতি ১০ হাজার টাকা নির্ধারণ করা ক্রেতাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি জমি কেনাবেচার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার কারণেও সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
সংকট নিরসনে মৌজাভিত্তিক নির্ধারিত দর বাস্তবসম্মত পর্যায়ে পুনর্নির্ধারণ, পৌর এলাকায় অতিরিক্ত উৎসে কর ও আয়কর রিটার্ন সংক্রান্ত বাধ্যবাধকতা শিথিল এবং রেজিস্ট্রেশন ফি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









