ময়মনসিংহের ত্রিশালের দেওয়ানীয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জোৎস্না আরা বেগমের ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তিতে আবেগঘন পরিবেশে ‘রাজকীয়’ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান সোমেল।
মফিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দেওয়ানীয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিলন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মজিবুর রহমান, প্রধান শিক্ষক আয়েশা মোস্তারি, প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ, ৮৪ ব্যাচের শিক্ষার্থী সুজন, ৯৩ ব্যাচের শিক্ষার্থী ওসমান গনি ও মামুন মিয়া, ৯৬ ব্যাচের শিক্ষার্থী মো. সেলিম ফরাজী, মুফতি মাওলানা সোহাইল মিয়া, মো. রাসেল এবং সহকারী শিক্ষিকা তাসলিমা বেগম।
অনুষ্ঠানে শিক্ষিকা জোৎস্না আরা বেগমের সম্মানে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নূরে গুলশান।

আয়োজকেরা বলেন, দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনে জোৎস্না আরা বেগম শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহ-ভালোবাসা দিয়ে পাঠদান করেছেন।
আয়োজক সেলিম ফরাজী বলেন, ‘‘জোৎস্না ম্যাডাম অত্যন্ত ভদ্র ও নরম মনের মানুষ ছিলেন। তার শিক্ষা ও আদর্শ আমাদের চলার পথে প্রেরণা, যা চির অম্লান হয়ে থাকবে।’’
তার হাতে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। শিক্ষার্থীদের জীবনে তার শিক্ষা, আদর্শ ও অনুপ্রেরণার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদায় সংবর্ধনাটি একপর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিনের শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠান শেষে অশ্রুসিক্ত ও আবেগঘন পরিবেশে ঘোড়ার গাড়িতে করে শিক্ষিকা জোৎস্না আরা বেগমকে ‘রাজকীয় বিদায়’ দেওয়া হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









