নাটোরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ার উপসর্গ নিয়ে নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন রোগী। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নাটোর পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ডায়রিয়ার উপসর্গ নিয়ে মোট ১০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৯ জন পুরুষ এবং ৪৭ জন নারী ও শিশু।
হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালের নির্ধারিত শয্যার পাশাপাশি রোগীদের চিকিৎসা দিতে অতিরিক্ত ব্যবস্থা নিতে হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
চিকিৎসকদের ধারণা, সাম্প্রতিক আবহাওয়া ও পানির কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যেতে পারে। তবে এর সুনির্দিষ্ট কারণ জানতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নাটোর সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান দৈনিক এদিনকে জানান, আবহাওয়ার কারণে রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পর্যাপ্ত স্যালাইনসহ চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









