পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ।
মঙ্গলবার (৩ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নেছারাবাদ ও কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক মাদকবিরোধী মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। বিকেলে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রেহেনা আক্তার।
সভা দুটি সঞ্চালনা করেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান তা রা।
সভায় মাদকবিরোধী প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে বক্তব্য দেন সংগঠনটির জেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, নেছারাবাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল হাসান, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









