নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টং-ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এসব স্থাপনা থেকে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছিলেন বলে অভিযোগ রয়েছে।’’
মামুন সরকার আরও বলেন, ‘‘অবৈধ স্থাপনাগুলোর কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









