রাজশাহীর তানোরে থানা পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত কাবাডি খেলায় তানোর পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ডাকবাংলো (মিনি স্টেডিয়াম) মাঠে এই আনন্দমুখর খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা টিমের অংশগ্রহণে জমজমাট এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বের খেলা শেষে তানোর পৌরসভা দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব ও তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে সঠিক পথে রাখতে। অতীতে কাবাডি বা হাডুডু গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় ঐতিহ্য ছিল, যা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। বর্তমান সরকার যুবসমাজকে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে মাদকের হাত থেকে রক্ষা করতে চায়। খেলায় হারজিত বড় বিষয় নয়, অংশগ্রণই আসল কথা।
তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার এসআই মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম এবং বাঁধাইড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শরীরচর্চা শিক্ষক আব্দুল বারী। এছাড়া সহকারী রেফারির দায়িত্বে ছিলেন শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান, সোহরাব হোসেন এবং উপজেলা ক্রীড়া সম্পাদক ও কোর্স আনোয়ার হোসেন। এ সময় থানা পুলিশের বিভিন্ন সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









