পিরোজপুর জেলা জিয়া মঞ্চের কর্মীসভা স্থগিত ও কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রনেতা ও জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান টুঙ্কা।
লিখিত বক্তব্যে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম সালেহ আহমেদ কাঞ্চন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৮ সেপ্টেম্বর কর্মীসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও পরে তা ১২ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত হয়।
কর্মীসভায় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রধান অতিথি করার কথা ছিল। প্রস্তুতির জন্য প্রায় তিন লাখ টাকা ব্যয়ের পর কর্মসূচি স্থগিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে এস এম সালেহ আহমেদ কাঞ্চনের বিরুদ্ধে এক সিনিয়র নেতাকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ তুলে তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় জিয়া মঞ্চের নেতা নাজমুল হুদা ডালিম, মাইনুল ইসলাম মামুন, শওকত জমাদ্দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









