বরগুনার পাথরঘাটায় ৯ মণ (প্রায় ৩৬০ কেজি) হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি কাটা মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাথরঘাটা উপজেলার কালিয়ার খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের একটি দল। এ সময় একটি সন্দেহভাজন কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৯ মণ হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি কাটা মাথা উদ্ধার করা হয়। একইসঙ্গে ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ডের তথ্যানুযায়ী, জব্দ করা হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া উদ্ধার করা চামড়া ও মাথার আনুমানিক মূল্য যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা।
লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, ‘‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ইব্রাহিম এবং জব্দ করা মাংস, চামড়া, মাথা ও নৌকা পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









