পটুয়ালীর বাউফলে মাদকবিরোধী অভিযানে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. ইমতিয়াজ হোসেন (৪৫), মো. সুমন আকন (৩০) ও মো. মোশারফ মৃধা (৪৩)। তারা নওমালা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানার একটি দল পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ইমতিয়াজ হোসেনের মালিকানাধীন মাছের ঘেরের পাশে থাকা একটি টিনের টংঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ওই ঘর থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে ইমতিয়াজ হোসেন, সুমন আকন ও মোশারফ মৃধাকে আটক করে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









