রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের আগের দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা।
রিভালদো মুনসামিকে মুশফিক হাসান ফেরানোর পর জুবাইর হামজা ও মারকেস অ্যাকারম্যান জুটি গড়ার চেষ্টা করেন। তবে ৩৫ বলে ৩১ রান করা হামজাকে আলিস আল ইসলাম এবং অ্যাকারম্যানকে রিশাদ হোসেন আউট করলে আবারও চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। রিশাদ ও আলিসের ঘূর্ণিতে ব্যাটিংয়ের ছন্দ হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। শেষ দিকে ইমরান মানাক ৫৩ বলে ৪৩ রান করে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন। তবে রিশাদের বলে তার বিদায়ের পর ৪০ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন তিনি। আলিস আল ইসলাম নেন ৩ উইকেট। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান ও মুশফিক হাসান একটি করে উইকেট শিকার করেন।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখের ব্যাটে আসে ৯৩ রানের উদ্বোধনী জুটি। সাইফ ছিলেন শুরু থেকেই আক্রমণাত্মক, অন্যদিকে নাঈম খেলেন দেখেশুনে।
৫৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইফ হাসান ফিরে গেলেও জয়ের ভিত গড়ে দেন। এরপর পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ এবং নুরুল হাসান সোহান ২২ বলে ১৬ রান করেন।
অন্য প্রান্তে নিজের ফিফটি পূর্ণ করেন নাঈম শেখ। জয় থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে ৭৭ বলে ৬০ রান করে আউট হন তিনি। তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান।
এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালেও জয়ের পথে আর কোনো বাধা তৈরি হয়নি। মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ৩, আফিফ হোসেন ধ্রুব ৬ বলে ৬ এবং রিশাদ হোসেন ১৪ বলে ৫ রান করেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে কাইল সিমন্ডস ৩টি উইকেট নিলেও তার বোলিং বাংলাদেশের জয় আটকাতে পারেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









