‘মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই মাঠে আমার হাজারো মা’—এমন আবেগঘন বক্তব্য দিয়েছেন কাজী একতা ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম অভি।
পিরোজপুরের মঠবাড়িয়ায় এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কাজী একতা ফাউন্ডেশন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া হাজীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী এবং কাজী একতা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও ব্যাপকভাবে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত নেওয়া হয়।
কাজী একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সাপলেজা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতে স্থানীয় মানুষের কল্যাণে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় কাজী একতা ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম অভি ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









