ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মশক নিধন অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বাসাবাড়ির আশপাশে ফগার এবং স্প্রে মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ ছেটানো হয়। একই সাথে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, পাত্রে জমে থাকা পানি অপসারণ এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করা হয়।
এ ছাড়া ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমাসহ উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মশক নিধন অভিযানকালে জানানো হয় ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশ সবসময় পরিষ্কার রাখা এবং কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।
জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









