সমাজে নারীর প্রতি বৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তার মতে, পুরুষতন্ত্রের জন্য শুধু পুরুষদের দায়ী করলে সমস্যার পুরো চিত্রটি বোঝা যাবে না। নারী-পুরুষ উভয়েই এমন একটি সামাজিক ব্যবস্থার মধ্যে বেড়ে ওঠে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে আসছে।
আসন্ন কোর্টরুম ড্রামা হুংকার – দ্য রোর-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন ফাতিমা। সিরিজটিতে তাকে একজন স্পষ্টভাষী ও দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।
নারীদের নিজেদের কথা বলার সুযোগ তৈরি করতে যে সামাজিক বাধার মুখোমুখি হতে হয়, তা উল্লেখ করে ফাতিমা বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতা সমাজের গভীরে গেঁথে আছে। তার ভাষায়, “পুরুষতন্ত্রের জন্য শুধু পুরুষরা দায়ী নয়। এর মধ্যে নারীরাও রয়েছেন। আমরা সবাই একই সামাজিক পরিবেশে বড় হই। তাই এই মানসিকতার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে।”
নিজের কর্মজীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, এমন অনেক বৈঠকে তিনি ছিলেন, যেখানে নারীকেন্দ্রিক গল্প নিয়ে আলোচনা হয়েছে। গল্পে একজন নারী কীভাবে নিজের কণ্ঠ খুঁজে পান, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নানা বিষয়—এসবই গুরুত্ব পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই আলোচনায় অনেক সময় তিনিই একমাত্র নারী ছিলেন।
ফাতিমার অভিযোগ, নারীকে কেন্দ্র করে তৈরি গল্প নিয়ে আলোচনা হলেও নারীর মতামত সবসময় গুরুত্ব পায় না। তিনি বলেন, কোনো নারী নিজের কথা বলতে গেলে তাকে থামিয়ে দেওয়া হতে পারে, এমনকি তার অভিজ্ঞতা নিয়েও পুরুষতান্ত্রিক মন্তব্য করা হয়। নারীরা সহিংসতার মতো গুরুতর ঘটনার মধ্য দিয়ে কী অনুভব করেন, সে বিষয়েও অনেক সময় পুরুষেরা নারীদের হয়ে কথা বলার চেষ্টা করেন।
তবে এসব পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলেও মনে করেন ফাতিমা। তার মতে, নিজের অধিকারের জন্য নারীদের নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখতে হবে।
হুংকার – দ্য রোর প্রযোজনা করছে বিরলা স্টুডিওস ও অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট। এর সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স এবং ম্যাঙ্গাটা ফিল্মস প্রোডাকশন।
দঙ্গল, লুডো, ধাক ধাক, স্যাম বাহাদুর ও আজীব দাস্তানসসহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন ফাতিমা সানা শেখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









