নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘‘দলকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সবাই একসঙ্গে থাকলে কোনো ফ্যাসিবাদী শক্তিই মাথা তুলে দাঁড়াতে পারবে না।’’
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে আমাদের ভিতকে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, “পাবনার যত সমস্যাই থাকুক না কেন, জেলার নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যার সমাধান সম্ভব। পাবনাবাসীর ন্যায্য দাবি ও প্রত্যাশা সরকারের কাছ থেকে আদায় করে আনতে আমরা কাজ করব, ইনশাল্লাহ।”
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব এবং জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার।
সভায় উন্নয়ন কার্যক্রমসহ সরকারি বিভিন্ন কর্মকাণ্ড তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









