ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে পরদিন ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে।
দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়ার পর দলীয় প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত ২০ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









