লালমনিরহাট জেলা পুলিশের সব স্তরের সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. আকবর আলী মুন্সী।
সভায় রংপুর রেঞ্জের ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, কল্যাণসংক্রান্ত বিষয় ও মতামত তুলে ধরেন। ডিআইজি এসব বিষয় মনোযোগ দিয়ে শুনে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সব সময় সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকার নির্দেশ দেন।
বিশেষ কল্যাণ সভায় লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









