নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতের গুলিতে তমিজউদ্দিন (৬৫) নামে এক ফোম ব্যবসায়ী আহত হয়েছেন। গুলিতে তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশে গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত তমিজউদ্দিন নরসিংদীর মাধবদী থানার খিদিরকান্দি এলাকার হযরত আলীর ছেলে। তিনি বর্তমানে গোলাকান্দাইল এলাকায় রশিদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করেন। পেশায় তিনি ফোম ব্যবসায়ী।
আহত ব্যবসায়ী জানান, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। রাতে ক্ষুধা লাগায় বাড়ির পাশের একটি খাবারের দোকানে গিয়ে রুটি খান। পরে বাড়ির সামনে পৌঁছালে মুখোশ পরা এক ব্যক্তি তাকে ঝাপটে ধরে। এ সময় তিনি চিৎকার শুরু করলে আরও ৮-৯ জন তাকে ঘিরে ফেলে। তিনি তাদের কাছ থেকে বাঁচার চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তমিজউদ্দিনের দাবি, তিনি যে বাসায় থাকেন তার পাশের বাসার নিচতলায় সিদীপ নামে একটি এনজিওর কার্যালয় রয়েছে। ডাকাতরা ওই কার্যালয়ে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তাকে দেখে ডাকাতির কাজে বাধা সৃষ্টি হবে মনে করে তাকে লক্ষ্য করে গুলি করে বলে তিনি ধারণা করছেন।
ঘটনার খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









