বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরাধ স্বীকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বালুভর্তি একটি বাল্কহেডও জব্দ করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের চরঘাঘুয়া এলাকায় যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম।
স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনের সময় ফজলুল শেখ (৬০) নামে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটক ফজলুল শেখ জামালপুরের ইসলামপুর উপজেলার কাটমা গ্রামের সমসের শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অপরাধ স্বীকার করেন ফজলুল শেখ। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে এলাকাবাসীর উপস্থিতিতে বাল্কহেডে উত্তোলন করা বালু যমুনার তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকায় ফেলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম জানান, যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









