গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত সময়ের পর খোলা থাকা দোকানপাটের ব্যবসায়ীদের সতর্ক করে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন।
অভিযানকালে ঘাঘর বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা অবস্থায় দেখতে পায় উপজেলা প্রশাসনের দল। পরে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান প্রসঙ্গে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, “জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীসহ সবাইকে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে কোটালীপাড়া পৌর বিএনপি ও ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুতের সুষ্ঠু ব্যবহারে ব্যবসায়ী, পেশাজীবী ও সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









