পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) অংশগ্রহণের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর জানিয়েছেন। তিনি নিজের বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে ভক্তদের চমকে দেন।
সাদা রঙের একটি ঢিলেঢালা গাউন পরা অবস্থায় তোলা ছবিতে মাহিরাকে হাসিমুখে এক হাত পেটের ওপর রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি সংক্ষেপে লেখেন, “আমরা পরিকল্পনা করি, আর তারপর আসে আল্লাহর পরিকল্পনা।”

এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন মাহিরা টরন্টো চলচ্চিত্র উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ আয়োজনের অংশ হিসেবে একটি আলোচনা পরিচালনা করেন। পাশাপাশি চলচ্চিত্রে অবদানের জন্য এই উৎসবে তাকে বিশেষভাবে সম্মানিতও করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার প্রায় এক দশক পর মাহিরা এবার টিফ-এ উপস্থিত হলেন।
২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করার প্রায় তিন বছর পর এই সুখবর এল। এটি হতে চলেছে সেলিম ও মাহিরার প্রথম সন্তান। তবে মাহিরার জন্য এটি দ্বিতীয় সন্তান। তার প্রথম বিয়ে হয়েছিল আলী আসকারির সঙ্গে, সেই সংসারে তার ১৭ বছর বয়সী এক ছেলে রয়েছে, নাম আজলান।

মাহিরার দ্বিতীয় বিয়েতেও ছেলে আজলানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মায়ের পাশে থেকে তিনিই মাকে বিয়ের আসরে নিয়ে যান।

কাজের দিক থেকে বলতে গেলে, মাহিরা খানকে সবশেষ দেখা গিয়েছিল বিলাল আতিফ খান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘আগ লাগায় বস্তি মে’তে, যেখানে পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা। ছবিতে আরও অভিনয় করেছেন জাভেদ শেখ, তবিশ হাশমি, সালাহউদ্দিন তুনিও, আলী আবদুল্লাহ, সামরা শেহজাদি ও হাফিজ রেজা আহমেদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









