কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০) নির্মমভাবে খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইমদাদুল বাদাল উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ার বাসিন্দা। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইমদাদুলের উপর চড়াও হয়ে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে তারই আপন বড় ভাই বজলু ও তার ভাতিজা।
এতে ঘটনাস্থলেই এমদাদুলের মৃত্যু হয়। হামলা ঠেকাতে গিয়ে আরও দুইজন মারাত্মকভাবে জখম হন। কুপিয়ে পেট কেটে ভুঁড়ি বের করে দেওয়া হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে শেহালা গ্রামে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় এমদাদুল বাদাল নামে এক জনের মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









