দেশে সারের সংকট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আগামী এক থেকে দুই দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে দেশে প্রায় ২ লাখ মেট্রিক টন সার বেশি মজুত রয়েছে। সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নজরদারিতে রাখতে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।”
এর আগে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী দেশের কৃষি ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









