তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটের দুই সাংবাদিকের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘সত্য প্রকাশে কলম চলবে’- এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাদের অভিযোগ, সাংবাদিকদের হয়রানি ও সংবাদ প্রকাশের পথ রুদ্ধ করতেই এ মামলা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা কোনো অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধ করা যাবে না। আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সত্য প্রকাশে সাংবাদিকদের কলম চলবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









