‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দিকে তানোর উপজেলার সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজ ও তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন। এ সময় তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও নিরাপদ শিক্ষাজীবনের অন্যতম শর্ত। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলায় এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই আমাদের আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। শিক্ষার্থী ভাই-বোনদের ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযান নয়; পরিচ্ছন্নতার অভ্যাসকে শিক্ষার্থী ও তরুণ সমাজের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তোলা। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।”
কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়। একই সঙ্গে ক্যাম্পাস প্রাঙ্গণে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, জঙ্গল ও আগাছা কাটা এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কেও সচেতন করেন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন, তানোর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শাহিন সরকার রনজু, মুণ্ডুমালা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইমন আলী, তানোর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক ইমন আলী, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তুহিন আলী, লালপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাহিদসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









