কুড়িগ্রামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) এবং আফছারের ছেলে ফারুক (২৫)। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ ও ফারুক মোটরসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন। ধরলা সেতুর ওপর পৌঁছালে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস তাঁদের ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রংপুর নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। বাসটি আটকের চেষ্টা চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









