বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ বাংলা একাডেমির সদস্যপদ লাভ করেছেন প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর। তাঁর এই অর্জনে যুক্তরাজ্যসহ দেশ-বিদেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
কবি আহমেদ সৈয়দ শাহনুর দীর্ঘদিন ধরে কবিতা, কথাসাহিত্য, গবেষণা ও প্রবন্ধ রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে অবদান রেখে চলছেন। তাঁর এ পর্যন্ত ১৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে 'ক্ষণিকের সুখ' কাব্যগ্রন্থটি পাঠকমহলে বেশ সমাদৃত। তিনি জাতীয় কবিতা পরিষদের রাজনীতির পাশাপাশি প্রবাসেও বাংলা সংস্কৃতি চর্চা ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (বুধরাইল) গ্রামের সন্তান শাহনুর বর্তমানে যুক্তরাজ্যের লিডসে স্থায়ীভাবে বসবাস করছেন।
বাংলা একাডেমির সদস্যপদ লাভ প্রসঙ্গে আবেগচ্ছ্বল প্রতিক্রিয়া ব্যক্ত করে কবি বলেন, "এই অর্জন আমার জন্য এক পরম সম্মানের। এটি সাহিত্যের প্রতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আমৃত্যু বাংলা ভাষা ও সাহিত্যের সেবায় কাজ করে যেতে চাই।"
সাহিত্যবোদ্ধাদের মতে, প্রবাসে থেকেও বাংলা সাহিত্য সাধনায় আহমেদ সৈয়দ শাহনুরের এই স্বীকৃতি প্রবাসী সাহিত্যচর্চাকে আরও উৎসাহিত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









