বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ফ্রেশার্স রিসেপশন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য মো. শামসুল হুদা এফসিএ। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। এছাড়া প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুল হুদা এফসিএ বলেন, “বিশ্ববিদ্যালয়ের সময়কে কেবল পড়ালেখায় নয়, জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের প্রয়োজনীয় মূল্যবোধ গড়ে তুলতে কাজে লাগাতে হবে।” সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়জীবনকে অর্থবহ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বিইউবিটি কালচারাল ক্লাব ও জনপ্রিয় ‘লালন ব্যান্ড’-এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









