জাতীয় হেল্পলাইন ‘৩৩৩’ -এর একটি তথ্যের ভিত্তিতে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় ১৬ বছর বয়সী এক নাবালিকার বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ব্যবস্থা নেন।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে নলডাঙ্গা উপজেলায় বাল্যবিবাহের আয়োজনের খবরটি নাটোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নিকট আসে। তথ্যটি পাওয়া মাত্রই জেলা প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন এবং মহিলা বিষয়ক দপ্তরের সহায়তায় উপজেলার পিপরুল ইউনিয়নের আঁচড়াখালী গ্রামে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের টিম বাল্যবিবাহের প্রক্রিয়াটি বন্ধ করে দেয়। অভিযানকালে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে নাবালিকার অভিভাবকের কাছ থেকে আইনি মুচলেকা গ্রহণ করা হয়। তারা অঙ্গীকার করেন মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে কোনোভাবেই তাকে বিয়ে দিবেন না।
এছাড়াও, নাবালিকা মেয়েটির পড়াশোনা যেন থেমে না যায় এবং তা নিয়মিত অব্যাহত থাকে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক ও পরিবারকে বিশেষ অনুরোধ জানানো হয়। একই সাথে মেয়েটির শিক্ষার অগ্রগতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









