সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে মন্ত্রী বিগত সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে বলেন, সেই সময়ের দুর্নীতি ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগের বিচার করা হবে। তিনি শেখ হাসিনাসহ দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিবেশী দেশের প্রতি অনুরোধ করা হয়েছে বলেও জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের যে অভিযোগ রয়েছে, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









