জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ পুত্র সন্তানের মা হয়েছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। একটি গণমাধ্যমের প্রতিবেদনে তাকে পুত্র সন্তানের মা হওয়ার দাবি করা হলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তবে খবরটি সত্য নয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন নিয়ে রসিকতা করে মৌসুমী হামিদ বলেন, ‘‘আমার ছেলে হয়েছে, কিন্তু আমারে তো বলেনি! কেমন খারাপ বলুন তো? আমি তো কোথাও দেখলাম না। তাহলে কি আমার ছেলে হবে? আমার ছেলে হবে কি না জানি না, কিন্তু এরা তো আমাকে পুত্র সন্তানের মা বানিয়ে দিয়েছে। বাহ, অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।’’
মৌসুমী জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং শারীরিকভাবে কোনো জটিলতাও নেই। একই সঙ্গে নিজের ও অনাগত সন্তানের জন্য ভক্ত-শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। নিজের বাসার ছাদে ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটাতে দেখা যায় তাকে।
ওই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে।
চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মাতৃত্ব নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









