বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘দেশের সাধারণ মানুষ নানা সংকটে দিশেহারা। কৃষকের সার নেই, পেটে ভাত নেই। যুবকের কাজ নেই, বাড়িতে নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে টাকা নেই, অথচ একদল লোক এখনো ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত।’’
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লং মার্চে বগুড়ার চারমাথা বিমান মোড়ে পথসভায় বক্তব্যকালে তিনি এ সব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, বেকারত্ব ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে। কৃষি খাত সংকটে পড়েছে, যুবসমাজ কর্মসংস্থানের অভাবে হতাশ এবং আর্থিক খাত নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।’’
তিনি বলেন, ‘‘জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।’’ গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবিও তুলে ধরেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘‘জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্যই রাজপথের এই কর্মসূচি। সরকার ৮ দফা দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহারের পথে যাওয়া হবে।’’ দাবি বাস্তবায়ন না হলে ৮ দফা এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, ‘‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’’ জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









