দীর্ঘদিনের দাবির পর সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ, আধুনিকায়ন ও দুই লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। ১৭৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, ‘‘ছাতক শিল্প ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানকার পাথর, সিমেন্টসহ বিভিন্ন শিল্পপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন করা হয়। কিন্তু উন্নত সড়ক যোগাযোগের অভাবে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল।’’
তিনি বলেন, ‘‘ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের নির্মাণকাজ শেষ হলে ছাতকের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।’’ এর ফলে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘‘ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কার ও আধুনিকায়ন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। নানা বাধা-বিপত্তি পেরিয়ে ১৭৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হয়েছে।’’ এর আগে ছাতক পৌরসভা এলাকার একই সড়কের অংশে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চার লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকল্পের কাজের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘‘জনগণের অর্থে বাস্তবায়নাধীন এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে যথাযথ গুণগত মান বজায় রাখতে হবে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরাও কাজের অগ্রগতি ও মানের বিষয়ে নজর রাখবেন।’’
অনুষ্ঠানে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী (ছাতক) মো. সাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসম্পাদক আশিকুর রহমান আশিক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম মতি, জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রুহুল আমিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রাধানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









