নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে কীটনাশক পান করে ইব্রাহীম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইব্রাহীম বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকূজা এলাকার মানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইব্রাহীম মাদক কেনার জন্য তার স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তার ওপর চড়াও হন এবং গালমন্দ করেন। এরপরও স্ত্রী টাকা দিতে রাজি না হওয়ায় একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাড়িতে রাখা ফসলের কীটনাশক পান করেন।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে তার মৃত্যু হয়।
ইউপি সদস্য হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ রাজশাহী থেকে আনার প্রক্রিয়া চলছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর রাজপাড়া থানার বেতার বার্তার মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। পরে ইব্রাহীমের বাড়িতে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয় এবং এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, রাজপাড়া থানায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









